Print

সারাদিন

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

প্রকাশিত: ৪:১৮ অপরাহন, অক্টোবর ৭, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ডস-২০২৬’-এ বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সুইসোটেল জাকার্তা পিআইকে অ্যাভিনিউতে ৫ অক্টোবর শুরু হওয়া ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’-এর দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

অ্যাসোসিওর চেয়ারম্যান মালয়েশিয়ার স্ট্যান সিং-জিৎ এবং সংগঠনটির আজীবন সম্মানিত চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ কামাল, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন এবং স্কিলআপারের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মো. শামীম হুসাইন।

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মনোনয়নে তিনটি ভিন্ন ক্যাটেগরিতে এ সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে ‘অ্যাসোসিও গ্লোবাল বিজনেস সার্ভিস’ ক্যাটেগরিতে দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেড, ‘অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ ক্যাটেগরিতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং ‘এআই ইন এডুকেশন অ্যাওয়ার্ড’ ক্যাটেগরিতে স্কিলআপার সম্মাননা অর্জন করেছে।

অনুষ্ঠানে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান এবং পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসাইনসহ ১৫ সদস্যের বিসিএস প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এবারের বিশ্ব সম্মেলনের মূল প্রতিপাদ্য—‘নিরাপদ, সহনশীল ও আন্তঃসংযুক্ত ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ’।

Nagad
Nagad

বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি দেশের আইসিটি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং স্কিলআপারের এই সম্মাননা বাংলাদেশের প্রযুক্তি খাতের সক্ষমতা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের আন্তর্জাতিক স্বীকৃতি।’

তিনি বলেন, ‘দীর্ঘদিনের পরিশ্রম, মেধা ও নিষ্ঠার ফলেই এ ধরনের অর্জন সম্ভব হয়েছে। এ স্বীকৃতি দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে। একই সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও টেকসই ডিজিটাল রূপান্তরে আমাদের আরও বেশি গুরুত্ব দিতে হবে।’

তিন দিনব্যাপী সম্মেলনে অ্যাসোসিওর ৩১টি সদস্যদেশের মধ্যে ২৭টি দেশ অংশ নিয়েছে। এসব দেশের প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা সম্মেলনে অংশ নিচ্ছেন।

স্বাগতিক সংগঠন ইন্দোনেশিয়ান আইসিটি বিজনেস অ্যাসোসিয়েশন (এপটিকনাস) এ বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে। ৫ অক্টোবর জাকার্তায় শুরু হওয়া সম্মেলনটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত।