Print

সারাদিন

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশ

প্রকাশিত: ৪:৪৯ অপরাহন, অক্টোবর ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন বেতন স্কেলের গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।

এতে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা গেজেটের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর আওতায় স্বশাসিত (পাবলিক বডিজ) এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বিভাগ গত ১৭ সেপ্টেম্বর গেজেট জারি করেছে। ওই গেজেটের কপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ তিনটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গেজেটের কপি পাঠানো হয়েছে।

Nagad
Nagad

এছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালককেও গেজেটের কপি পাঠানো হয়েছে।

চিঠিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর গেজেটের দুই কপি সংযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও নম্বরের ভিত্তিতে স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।