প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্, অক্টোবর ৮, ২০২৬
সারাদিন ডেস্ক
ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে কোনো সাড়া না পাওয়ায় সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তার। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা ও লেখক হিসেবেও কাজ করেছেন।
‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘অ্যাব তাক ছাপ্পান’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’সহ বিভিন্ন সিনেমায় অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন তিনি। শক্তিশালী অভিনয় ও সংলাপ উপস্থাপনের নিজস্ব ভঙ্গির কারণে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ পরিচিতি পান নানা পাটেকর।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন তিনি। ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি ও মারাঠি—দুই ভাষার সিনেমাতেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই অভিনেতা।
তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী ও স্বতন্ত্র অভিনয়শিল্পীর দীর্ঘ অধ্যায়ের অবসান হলো।