Print

সারাদিন

শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য, কিন্তু দেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

প্রকাশিত: ১:১৩ অপরাহন, অক্টোবর ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তবে চলতি বছর তাঁকে এই পুরস্কার দেওয়া হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি জানি না তাদের সিদ্ধান্ত কী হবে। আমার মতো মানুষদের পুরস্কার না দেওয়ার একটা সুনাম তাদের আছে।’

শুক্রবার চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি। গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প বিভিন্ন সময় দাবি করে আসছেন, শান্তিতে নোবেল পুরস্কার তাঁর পাওয়া উচিত।

বুধবার ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘এখনই সময়।’ এ সময় গতবারের নোবেল শান্তি পুরস্কারজয়ীর কাছ থেকে পরোক্ষভাবে সম্মান পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত জানুয়ারিতে তাঁর পাওয়া শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে দেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি পদকটি ট্রাম্পকে দেন।

ট্রাম্পের দাবি, কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। তবে এসব মনোনয়নের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ট্রাম্প যেসব সংঘাত নিরসনে নিজের ভূমিকার কথা তুলে ধরছেন, সেগুলোর কয়েকটির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো তাঁর কূটনৈতিক ভূমিকা নিয়ে ভিন্নমত পোষণ করেছে। এর মধ্যে কঙ্গো প্রজাতন্ত্র এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের সংঘাতও রয়েছে। এসব অঞ্চলের কয়েকটিতে আবারও সংঘাত শুরু হয়েছে।

Nagad
Nagad

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধও এখনো শেষ করতে পারেননি ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যুদ্ধটি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সাত মাস ধরে চলা সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব ফেলেছে।

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের নাম রয়েছে।

সূত্র: রয়টার্স