প্রকাশিত: ৫:৫১ অপরাহন, অক্টোবর ১০, ২০২৬
সারাদিন ডেস্ক
কমিশন, অতিরিক্ত চার্জ কর্তন ও হিসাবের অস্বচ্ছতার অভিযোগে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডাকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকরা। এ সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে চট্টগ্রাম মহানগরের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডার মাধ্যমে অর্ডার গ্রহণ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নগরের মুরাদপুর এলাকার বারকাত ফুড স্টেশনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিকরা অভিযোগ করেন, ফুডপান্ডা বিভিন্ন খাতে অযৌক্তিক অর্থ কর্তন করছে। কমিশনের পাশাপাশি অতিরিক্ত চার্জ আরোপ এবং হিসাবের স্বচ্ছতার অভাবে রেস্তোরাঁ পরিচালনার ব্যয় বাড়ছে। এতে ব্যবসার মুনাফা কমে যাচ্ছে। অর্ডার বাতিলের ক্ষেত্রে ক্ষতিপূরণ নিয়েও অসন্তোষ রয়েছে তাঁদের।
ব্যবসায়ীরা বলেন, অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হলেও ফুডপান্ডার একতরফা ব্যবসায়িক নীতির কারণে রেস্তোরাঁ মালিকদের আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। এসব বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের দাবি।
রেস্তোরাঁ মালিকদের ভাষ্য, ব্যবসার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কমিশন কাঠামো পুনর্বিবেচনা, অযৌক্তিক চার্জ বন্ধ, আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিত এবং অর্ডার বাতিলের ক্ষেত্রে ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরে আগামী সাত দিনের মধ্যে সেগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে চট্টগ্রাম মহানগরের রেস্তোরাঁ মালিকরা সম্মিলিতভাবে ফুডপান্ডায় অর্ডার গ্রহণ স্থগিত বা বন্ধ রাখার কর্মসূচি নেবেন বলে হুঁশিয়ারি দেন।