প্রকাশিত: ৮:১৬ অপরাহন, অক্টোবর ১১, ২০২৬
সারাদিন ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ চলাকালে আবারও আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। রোববার (১১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে তাঁকে আটক করে পুলিশ।
আটক অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পুলিশি আচরণ নিয়ে অভিযোগ তোলেন নেহা। তাঁর দাবি, আন্দোলনকারীদের ছোট ছোট প্রকোষ্ঠে বিভক্ত একটি প্রিজন ভ্যানে রাখা হয়েছে, যেখানে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার মতো পরিবেশ নেই। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দিল্লির বিজয় চক এলাকা থেকে যন্তরমন্তরের দিকে এগিয়ে যাওয়া প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় নেহাকে আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘এই হলো পুলিশ বাস। বাসটিকে চার ভাগে ভাগ করে ছোট ছোট চারটি প্রকোষ্ঠ বা সেল বানানো হয়েছে। যেখানে শ্বাস নেওয়ার জায়গা নেই।’
নেহা প্রশ্ন তোলেন, আটক ব্যক্তিদের বহনের বাসগুলোকে কি কারাগারে রূপান্তর করা হচ্ছে? কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যরা কি দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? শুধু প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষা করতে কেন এত সহিংসতা করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
ভিডিওতে নেহা আরও অভিযোগ করেন, পুলিশ সদস্যরা পুরুষ আন্দোলনকারীদের গালাগাল করেছেন এবং তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা এই বিক্ষোভে রোববার স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), আইসা ও ক্রান্তিকারী যুব সংগঠনের (কেওয়াইএস) কর্মীরা যোগ দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দিল্লির বিভিন্ন স্থান থেকে শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। পুলিশ সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর রাজ্যসভার সদস্য জন ব্রিটাসকেও আটক করা হয়েছে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) একই আন্দোলন চলাকালে নেহা বোরাকে আটক করেছিল পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এক দিনের ব্যবধানে আবারও তাঁকে আটক করা হলো।