প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্, অক্টোবর ১২, ২০২৬
সারাদিন ডেস্ক
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) চলতি আসরে অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এর আগে টানা তিন ম্যাচে হেরেছিল বাংলাদেশ।
সোমবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ১৩৮ রানে থেমে যায় যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারত।
বাংলাদেশের জয়ে বড় অবদান বোলারদের। বিশেষ করে এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। ১২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আবু জায়েদ রাহী শিকার করেন ২ উইকেট।
রনি-নাসির-আরাফাতের ব্যাটে লড়াকু সংগ্রহ
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক যুবরাজ সিং। শুরুতেই ইমরুল কায়েস ৬ বলে ১০ রান করে ফিরে গেলেও রনি তালুকদারের ব্যাটে এগিয়ে যায় বাংলাদেশ। ২৫ বলে ৪০ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ফজলে মাহমুদ ৩, জহুরুল ইসলাম ৬ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১ রান করে আউট হন।
একপর্যায়ে চাপে পড়া দলকে সামাল দেন নাসির হোসেন ও আরাফাত সানি। নাসির ২১ বলে ২৪ এবং আরাফাত ৩৮ বলে ৩৭ রান করেন। শেষ দিকে আবু জায়েদের ১০ রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান।
শেষ পর্যন্ত পারেনি ভারত
১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। আম্বাতি রাইডু ৩, যুবরাজ সিং শূন্য এবং রবিন উথাপ্পা ১৫ রান করে ফিরে যান। একপর্যায়ে মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।
এরপর ইরফান পাঠান ৪১ বলে ২৪ রান করে ইনিংস মেরামতের চেষ্টা করেন। রিশি ধাওয়ান ১৮ বলে ২৪ রান করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন।
শেষ দিকে পবন নেগি ১৪ বলে ২৬ এবং পীযূষ চাওলা ১৮ বলে ২৪ রান করে ভারতের জয়ের আশা জাগান। তবে শেষ পর্যন্ত লক্ষ্য থেকে ৪ রান দূরে থামে দলটি।
বাংলাদেশের হয়ে এনামুল হক জুনিয়র ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন। আবু জায়েদ রাহী ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। রুবেল হোসেন ও কামরুল ইসলাম একটি করে উইকেট নেন।