Print

সারাদিন

বিক্ষোভে আটক, মুক্তির পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাগ্নি জায়েন

প্রকাশিত: ৫:১৫ অপরাহন, অক্টোবর ১২, ২০২৬

সারাদিন ডেস্ক

ভারতের মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নি জায়েন মারি খান, অভিনেতা ইমরান খান ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন। ঘণ্টাখানেক আটকে রাখার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

আটক হওয়ার পরদিন রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জায়েন মারি। ভিডিওতে নিজের হাত, আঙুল ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখান তিনি। পুলিশের পদক্ষেপের সমালোচনা করে অভিনেত্রী বলেন, ‘আমাদের এতটাও ভয় দেখাবেন না, যাতে মন থেকে প্রথমত ভয় শব্দটাই চিরতরে মুছে যায়!’ ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘ইন্টারনেটে সত্যিটা প্রকাশ পাচ্ছে।’

এর আগে শনিবার পুলিশ ভ্যানের ভেতর থেকে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন জায়েন মারি। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’। অন্যদিকে, একটি ভিডিওতে লেখা ওয়াশিংটন অভিযোগ করেন, পুলিশ তাঁদের কোনো যানবাহনে উঠতে দিচ্ছে না। ফলে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে তাঁদের।

মুম্বাই পুলিশের ভাষ্য, বিক্ষোভ আয়োজনের জন্য আয়োজকদের পক্ষ থেকে আগাম আইনি অনুমতি নেওয়া হয়নি। বম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, আজাদ ময়দান ছাড়া অন্য কোথাও এ ধরনের বিক্ষোভের অনুমতি দেওয়া সম্ভব নয় বলেও জানায় পুলিশ।

গত শনিবার আগস্ট ক্রান্তি ময়দান থেকে ইমরান ও জায়েনসহ চার শতাধিক মানুষকে আটক করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আন্দোলনকারীদের একাংশের দাবি, বিক্ষোভের অনুমতি চেয়ে আগেই ইমেইল করা হয়েছিল। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এতে বলিউড তারকাদের অংশগ্রহণের পর ঘটনাটি আরও আলোচনায় আসে।

Nagad
Nagad

সূত্র: হিন্দুস্তান টাইমস