প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্, অক্টোবর ১৩, ২০২৬
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
গ্রাহকদের জন্য আধুনিক টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সমাধান ও নতুন পণ্য সহজলভ্য করতে রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করেছে গ্রামীণফোন। নগরীর জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত এই সেন্টারের অভ্যন্তরীণ সাজসজ্জায় তুলে ধরা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জির নকশা।
নতুন সেন্টারটির উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন। এ সময় প্রতিষ্ঠানটির হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ, রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আধুনিক নকশা ও পরিবেশবান্ধব উপকরণে সাজানো সেন্টারটিতে গ্রামীণফোনের বিভিন্ন টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সমাধান ও পণ্য পাওয়া যাবে। এর মাধ্যমে রংপুর শহর ও আশপাশের এলাকার সাধারণ গ্রাহকদের পাশাপাশি করপোরেট গ্রাহকদেরও সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
উদ্বোধনী অনুষ্ঠানে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, টেলিযোগাযোগ প্রযুক্তির মূল উদ্দেশ্য মানুষের জীবন সহজ করা এবং প্রয়োজনের সময় নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা। নতুন সেন্টারটিতে এক জায়গায় গ্রামীণফোনের বিভিন্ন পণ্য, সেবা, ডিজিটাল সমাধান ও প্রয়োজনীয় সহায়তা পাবেন গ্রাহকেরা।
তিনি বলেন, দেশজুড়ে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে আরও বিস্তৃত কভারেজ এবং ঘরের ভেতরে ও বাইরে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে কাজ করছে গ্রামীণফোন। পাশাপাশি গ্রাহকদের অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং জিপিশিল্ডের মতো সমাধানের মাধ্যমে নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করাও প্রতিষ্ঠানটির অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
গ্রামীণফোনের লক্ষ্য মানুষকে সংযুক্ত রাখা, প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা এবং প্রয়োজনের সময় গ্রাহকদের পাশে থাকা বলেও জানান তিনি।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, স্থানীয় ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন এই সেন্টার রংপুরের গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক ও সময়োপযোগী সেবার অভিজ্ঞতা তৈরি করবে।