প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্, অক্টোবর ১৫, ২০২৬
সারাদিন ডেস্ক
সৌদি আরবের জ্বালানি কোম্পানি আরামকোর ধাহরান সদর দপ্তর ও রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে আরামকোর একটি ভবনে আগুন ধরে যায়। তবে সৌদি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জানান, ধাহরানে আরামকোর স্থাপনা, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর একটি তেল শোধনাগার লক্ষ্য করে সমন্বিত অভিযান চালানো হয়েছে। আগামী দিনগুলোতেও সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি।
সৌদি সরকারের এক কর্মকর্তা জানান, ধাহরানে আরামকোর একটি ভবনে আঘাতের পর সীমিত আকারে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নাম প্রকাশ না করার শর্তে আরামকোর দুই কর্মী জানান, গভীর রাতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরের একটি টাওয়ারে হামলা হয়। এতে ভবনটির ওপরের তিনটি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে সৌদি রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। এর আগে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হওয়ার খবরের পর অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরবের বিভিন্ন স্কুলে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ঘরে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের তিনটি ম্যাচ এবং ‘সিক্স কিংস স্ল্যাম’ টেনিস টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।
এদিকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকে লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিতে নিরাপত্তা এবং অবাধ জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার বিষয়ে কঠোর অবস্থান জানানো হয়েছে। অন্যদিকে, হুথিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা বিমান হামলা জোরদার করার খবর পাওয়া গেছে।