প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্, অক্টোবর ১৮, ২০২৬
সারাদিন ডেস্ক
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি ও মান যাচাই করতে রাজধানীর তেজগাঁওয়ে দুটি ছাপাখানা আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে ছাপাখানা দুটি পরিদর্শনকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। এ সময় প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি মাদরাসার পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি, কাগজ ও ছাপার মান, কাটিং, বাঁধাই এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের সামগ্রিক কার্যক্রম তদারকি করেন তিনি।
পরিদর্শনকালে নির্ধারিত সময়ের মধ্যে ছাপার কাজ শেষ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। একই সঙ্গে বইয়ের ছাপার মান যথাযথভাবে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গিয়াস উদ্দিন রিমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
এর আগে শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে পাঠ্যপুস্তক ছাপানোর সার্বিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা করেন তিনি। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।