Print

সারাদিন

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ২:১৫ অপরাহন, অক্টোবর ১৮, ২০২৬

সারাদিন ডেস্ক

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমা হল রোড থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার অপূর্ব দুর্গাপুরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি দুর্গাপুরের অন্যতম সন্ত্রাসী হিসেবে পরিচিত তাজুল ইসলামের সহযোগী বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে বাড়ির পাশের একটি দোকানে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক থেকে কিছুটা ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধ নিয়ে লেখালেখি করতেন।

আলিফের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

Nagad
Nagad