Print

সারাদিন

রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার

প্রকাশিত: ১:১০ অপরাহন, অক্টোবর ১৯, ২০২৬

সারাদিন ডেস্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ইশরাকের ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আবারও সামনে এসেছে। তিনি বলেন, মাদক নির্মূলে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দেশের সীমান্তও অরক্ষিত অবস্থায় রয়েছে। সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা মাদক প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আখতার হোসেন বলেন, শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—সরকারের এমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, ইশরাকের পদত্যাগের বিষয়টি শুধু অস্ত্র সামনে নিয়ে আসার ঘটনার সঙ্গে সম্পর্কিত, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও কোনো যোগসূত্র রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এনসিপির সদস্য সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্ত সুরক্ষিত করতে হবে, যাতে কোনোভাবেই অবৈধ মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে।

Nagad
Nagad

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু লোকদেখানো উদ্যোগ বা ইশরাকের পদত্যাগের মতো ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সরকারের কাছে দাবি জানান তিনি।