প্রকাশিত: ৫:৪৩ অপরাহন, অক্টোবর ১৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ও রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
সোমবার (১৯ অক্টোবর) আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানানো হয়।
আয়োজকেরা জানান, আইসিসিবির হল-২ পুষ্পগুচ্ছ, হল-৩ রাজদর্শন ও হল-৪ নবরাত্রিতে মেলার প্রদর্শনী সাজানো হবে। এতে দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে নিজেদের পণ্য ও নকশা তুলে ধরবে।
মেলায় দর্শনার্থীরা আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ফার্নিচার দেখতে ও কিনতে পারবেন।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ আব্দুল আউয়াল বলেন, ‘এই মেলা সম্পূর্ণ দেশীয় ভোক্তাকেন্দ্রিক। এখানে শুধু দেশে তৈরি ফার্নিচারই প্রদর্শিত হবে, কোনো আমদানিকৃত ফার্নিচার থাকবে না।’
তিনি বলেন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এবার নতুন নতুন নকশা নিয়ে হাজির হচ্ছে। নিজেদের সর্বশেষ নকশা ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে ফার্নিচার কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।
শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মেলার উদ্বোধনী দিনে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় নিবন্ধন শুরু হবে বেলা ২টায় এবং প্রতিযোগিতা শুরু হবে বিকেল ৪টায়। এতে ২০ জন শিশুকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের মোট অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা।
আগামী ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আইসিসিবির হল-৪ নবরাত্রিতে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
এ ছাড়া বক্তব্য দেবেন সংগঠনটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াস সরকার, মহাসচিব এ করিম মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান। সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করবেন।
আয়োজকেরা জানান, ২৭ থেকে ৩১ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্য লাগবে না।
মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা, কালবেলা ও অ্যাকসেস ইনফোটেক।