প্রকাশিত: ১২:০২ অপরাহন, অক্টোবর ২০, ২০২৬
সারাদিন ডেস্ক
গ্রাহকদের উন্নত সেবা ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা দিতে খুলনায় নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। গ্রাহকদের ব্যক্তিগত যত্ন, স্বাচ্ছন্দ্য এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে আধুনিক এ সেবাকেন্দ্র।
সোমবার (১৯ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে এবং প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড সার্ভিস ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান।
প্রচলিত গ্রাহকসেবার ধরন থেকে বেরিয়ে নতুন স্টোরটিতে গ্রাহকবান্ধব পরিবেশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। খোলামেলা ও শান্ত পরিবেশের পাশাপাশি রাখা হয়েছে আরামদায়ক বসার ব্যবস্থা। এতে গ্রাহকেরা স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।
স্টোরটির অন্যতম বৈশিষ্ট্য ‘আই ভার্সেস উই’ সহায়তা মডেল। এ ব্যবস্থায় বাংলালিংকের প্রতিনিধিরা গ্রাহকদের পাশে বসে সরাসরি কথা বলবেন এবং তাঁদের প্রয়োজন বুঝে দ্রুত ও কার্যকরভাবে বিভিন্ন সমস্যার সমাধান দেবেন।
এ ছাড়া স্টোরটিতে রয়েছে ‘ডিজিটাল এক্সপ্লোরেশন স্পেস’। এখানে গ্রাহকেরা বাংলালিংকের বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল সেবা সরাসরি ব্যবহার করে দেখতে পারবেন। দ্রুত সেবা প্রয়োজন এমন গ্রাহকদের জন্য রাখা হয়েছে অগ্রাধিকারভিত্তিক সেবার ব্যবস্থাও।
উদ্বোধন উপলক্ষে বাংলালিংকের সেলস অ্যান্ড সার্ভিস ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান বলেন, গ্রাহকেরা যেন ডিজিটাল সেবাসহ বাংলালিংকের সব ধরনের সেবা সহজে ও নির্বিঘ্নে নিতে পারেন, সে লক্ষ্যেই নতুন ফ্ল্যাগশিপ স্টোরটি চালু করা হয়েছে। এখানে গ্রাহকেরা ডিজিটাল সেবা সম্পর্কে জানতে পারবেন, দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবেন এবং কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
তিনি আরও বলেন, খুলনায় আধুনিক এ সেবাকেন্দ্র চালুর মাধ্যমে সারা দেশের গ্রাহকদের কাছে সহজলভ্য ও উন্নত সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরালো হলো।
বাংলালিংক জানিয়েছে, নতুন এ ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে খুলনার গ্রাহকেরা উন্নত পরিবেশে সরাসরি গ্রাহকসেবা নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ পাবেন।