Print

সারাদিন

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৪

প্রকাশিত: ৭:৩৫ অপরাহন, অক্টোবর ২০, ২০২৬

সারাদিন ডেস্ক

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, বাড়িটিতে নিয়মিত মাদকের আসর ও ডিজে পার্টি চলত।

সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে আড়াইতলা ওই ভবনে অভিযান শুরু হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চলে।

ডিবি সূত্রে জানা গেছে, বাড়িটিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষের যাতায়াত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলছিল। অভিযানে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার ইলিয়াস কবির জানান, অনলাইন ভাড়া দেওয়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীরা অনলাইনে কক্ষ বুকিং দিয়ে এসব পার্টিতে অংশ নিতেন। পার্টি থেকে আয়ের বড় একটি অংশ অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ও তাঁর স্টাফরা পেতেন বলে জানান তিনি।

ইলিয়াস কবির আরও জানান, একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে কার্যক্রমটি পরিচালিত হতো। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।

Nagad
Nagad

এদিকে, মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আব্দুল্লাহ আল জহিরকে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে সরিয়ে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।