প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্, অক্টোবর ২১, ২০২৬
সারাদিন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ইউসুফ আলীকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ওই ঘটনার কারণেই তাঁকে প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারাও মন্তব্য করতে রাজি হননি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর শাহ মখদুম রূপস (রহ.) বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ধারণ করা একটি ভিডিওতে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিতে এবং এক হাত দিয়ে তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করতে দেখা যায়।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর পদায়নসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে দায়িত্ব ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন ইউসুফ আলী।
গত আগস্টে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
বিভাগীয় কমিশনার হিসেবে রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে ছিলেন ইউসুফ আলী।
এদিকে, তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নতুন বিভাগীয় কমিশনারের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।