প্রকাশিত: ৩:২৬ অপরাহন, অক্টোবর ২২, ২০২৬
সারাদিন ডেস্ক
অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সব পর্যটককে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হবে।
সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত বৃহস্পতিবার সকালে জানান, বুধবার বিকেল পর্যন্ত ছোট-বড় ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় দেড় শতাধিক যানবাহন সাজেকে প্রবেশ করেছিল। এসব যানবাহনে আনুমানিক দুই থেকে তিন হাজার পর্যটক রয়েছেন।
তিনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টায় স্কর্টের মাধ্যমে সাজেক ছাড়ার নির্দেশনা থাকায় যানবাহনগুলো সারিবদ্ধভাবে রাখা হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটন ভ্রমণ বন্ধ থাকবে। এ অবস্থায় পর্যটকদের সেখানে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।