Print

সারাদিন

জন্মদিনে কী চান পরীমণি

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্, অক্টোবর ২৪, ২০২৬

সারাদিন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। এ দিনকে ঘিরে তাঁর ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ।

একসময় জাঁকজমকপূর্ণ আয়োজনে জন্মদিন উদ্‌যাপন করতেন পরীমণি। তবে ২০২৩ সালে তাঁর ‘নানাভাই’ মারা যাওয়ার পর থেকে আর আগের মতো জন্মদিন উদ্‌যাপন করেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

এবারও বড় কোনো আয়োজন নয়, বরং শান্তভাবে দিনটি কাটাতে চান তিনি। জন্মদিনের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।

জন্মদিনে পরীমণির চাওয়া শান্তি, প্রকৃত বন্ধুত্ব এবং এমন কিছু কাজ, যা তাঁকে মানুষের মনে বাঁচিয়ে রাখবে। তাঁর মতে, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন সন্তান ও ক্যারিয়ারই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজের মধ্য দিয়ে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিতে চান তিনি।

গণমাধ্যমকে পরীমণি বলেন, ‘প্রতিবছরই আমি জীবনকে নতুন করে দেখি। নতুন করে বাঁচি। কাজের মধ্যে এবং কাছের মানুষদের সঙ্গে শান্তি ও আনন্দ খুঁজি।’

এবারের জন্মদিনে নিজের চাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এ বছর আমার একটাই চাওয়া, শান্তি। সেই সঙ্গে ভুয়া মানুষ আর ভুয়া বন্ধুত্ব থেকে মুক্তি চাই। বন্ধুর সংখ্যা কম হলেও সমস্যা নেই, যদি তারা সত্যিকারের বন্ধু হয়।’

Nagad
Nagad

২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। ক্যারিয়ারের শুরুতেই একসঙ্গে প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। তবে সেগুলোর অনেকগুলো শেষ পর্যন্ত নির্মিত হয়নি। কিছু সিনেমা নির্মিত হলেও মুক্তি পায়নি।

গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় রূপা চরিত্রে অভিনয় করে প্রশংসা পান পরীমণি। এ ছাড়া ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় তৃষ্ণা এবং ‘গুণিন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের চরিত্রে নিজের দক্ষতা তুলে ধরেছেন তিনি।