Print

সারাদিন

সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ

প্রকাশিত: ২:০৭ অপরাহন, অক্টোবর ২৪, ২০২৬

সারাদিন ডেস্ক

পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কবার্তার পর বাংলাদেশ ব্যাংকসহ ছয়টি ব্যাংক এবং একাধিক সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়ানো ও প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটগুলো বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ওয়েবসাইটগুলো বন্ধ পাওয়া যায়। ব্যাংকগুলোর পাশাপাশি সরকারি মুদ্রণ প্রতিষ্ঠান বিজি প্রেস, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), পেট্রোবাংলা এবং ভূমিসেবার ওয়েবসাইটও বন্ধ ছিল।

বন্ধ রয়েছে ছয় ব্যাংকের ওয়েবসাইট
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার থেকে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও ছয়টি ব্যাংক নিজেদের ওয়েবসাইট বন্ধ করে দেয়।

ব্যাংকগুলো হলো—অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলা ও প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা যাচাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন হলে ওয়েবসাইটগুলো পুনরায় চালু করা হবে।

বন্ধ ভূমিসেবার ওয়েবসাইটও
পিএইচপির নিরাপত্তা ত্রুটির প্রেক্ষাপটে ভূমি মন্ত্রণালয়ও ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে।

Nagad
Nagad

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৩৬ ঘণ্টা এ কার্যক্রম চলার কথা ছিল। এ সময়ে land.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ভূমিসেবা নেওয়া সম্ভব হওয়ার কথা নয়।

সতর্কবার্তা দিয়েছিল বিজিডি ই-গভ সার্ট

পিএইচপির নিরাপত্তা দুর্বলতা নিয়ে গত ২২ অক্টোবর জরুরি সতর্কবার্তা জারি করে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সার্ভারে পিএইচপি ব্যবহার করা হচ্ছে কি না, তা শনাক্ত করার পাশাপাশি ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না, তা যাচাই করতে বলা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

কেন গুরুত্বপূর্ণ পিএইচপির নিরাপত্তা
ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষা পিএইচপি। এ ভাষার নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সফটওয়্যার বা সার্ভারকে ঝুঁকির মুখে ফেলার আশঙ্কা রয়েছে।

এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট ও প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাই করছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে কোনো কোনো প্রতিষ্ঠান সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।