প্রকাশিত: ৭:০৯ অপরাহন, অক্টোবর ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দুই পুলিশ সদস্যকে মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় লাঠিসোঁটা হাতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিজেদের ফেসবুক অ্যাকাউন্টেও ভিডিওটি শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, রঘুনাথপুরের চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান একদল ব্যক্তি। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টহলরত পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে কয়েকজন শেখ হাসিনার পক্ষে মিছিল করছিলেন। পুলিশ বাধা দিতে গেলে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
ওসি আরও জানান, আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে হামলার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।