প্রকাশিত: ৮:২০ অপরাহন, অক্টোবর ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
কক্সবাজারের আবাসিক হোটেলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য কক্ষ ভাড়া দেওয়া হলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত নিরাপদ পর্যটন নিশ্চিত করার লক্ষ্যে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে ইদানীং অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে হোটেলে আসতে দেখা যাচ্ছে। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একা হোটেলে থাকার উপযুক্ত বয়সে পৌঁছায়নি। এরপরও জাতীয় পরিচয়পত্র ছাড়া তাদের হোটেলে থাকতে দেওয়া হচ্ছে, যা গুরুতর আইনি অপরাধ। এ ধরনের ঘটনা থেকে নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কেউ প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
কক্সবাজারকে দেশের অন্যতম সুন্দর পর্যটন এলাকা উল্লেখ করে তিনি বলেন, এখানে এ ধরনের পরিস্থিতি চলতে দেওয়া যায় না। কেউ মা-বাবার সঙ্গে এলে হোটেলে থাকতে পারবেন। তবে প্রেমিকের সঙ্গে এলে জাতীয় পরিচয়পত্র ছাড়া হোটেলে থাকার অনুমতি দেওয়া যাবে না। এরপরও এমন ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত ৮ অক্টোবর কুমিল্লায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী হত্যার শিকার হওয়ার আগে কক্সবাজারে তার কথিত প্রেমিক রাজুর সঙ্গে একটি হোটেলে অবস্থান করেছিল। হোটেলের নিবন্ধন খাতায় তার বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছিল।
মতবিনিময় সভায় বিষয়টি তুলে ধরেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। তিনি পর্যটনশিল্পের স্বার্থে কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
পুলিশ সুপার বলেন, কুমিল্লার ঘটনায় কক্সবাজারকে জড়ানো হয়েছে। একটি গোষ্ঠী চায়, মানুষ কক্সবাজারে না এসে অন্য জায়গায় যাক। পর্যটনশিল্পের স্বার্থে এ ধরনের অপতৎপরতা রুখতে হবে। নেতিবাচক প্রচার যেন না ছড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে এবং ইতিবাচক প্রচারে গুরুত্ব দিতে হবে।
কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং পর্যটনসংশ্লিষ্ট অংশীজনেরা বক্তব্য দেন।