প্রকাশিত: ১:১৪ অপরাহন, অক্টোবর ২৬, ২০২৬
সারাদিন ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী।
সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির হয়ে ক্ষমা চান আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। শুনানি শেষে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কতটা গুরুতর, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।
এদিকে এ মামলাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিলের পাশাপাশি আইনজীবীদের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও এক বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। সেদিনও দুই আইনজীবী আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন। তাঁদের সঙ্গে আওয়ামীপন্থি আরও কয়েকজন আইনজীবী এলেও নিরাপত্তার কারণে সেদিন সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
গত ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করেন ওই দুই আইনজীবী। এর পরদিন, ১৬ সেপ্টেম্বর, তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
প্রসিকিউশনের ভাষ্য, রায় নিয়ে দুই আইনজীবীর বিরূপ মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে। এ কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।