Print

সারাদিন

সীতাকুণ্ডে মহাসড়কে লরির চাপায় বাসের ৫ যাত্রী নিহত

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্, অক্টোবর ২৭, ২০২৬

সারাদিন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের চাপা দিয়েছে দ্রুতগতির একটি লরি। এতে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মহাসড়কের বড় কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বাসটি থামানো হয়। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। তখন দ্রুতগতির একটি লরি তাঁদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি সড়কের পাশে দাঁড়িয়েছিল। গাড়ি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়।

Nagad
Nagad

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সার্জেন্ট শামীম আলম বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের দ্রুতগতির লরি চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।