Print

সারাদিন

বাবার অভিযোগের পর তাশরীফের স্ট্যাটাস, ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে’

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্, অক্টোবর ২৭, ২০২৬

সারাদিন ডেস্ক

অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। এ পরিস্থিতিতে ফেসবুকে তিনি লিখেছেন, ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে।’

সোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ স্ট্যাটাস দেন তাশরীফ।

এর আগে একই দিন রাতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে ছেলে জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তাঁর বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ।

কান্নাজড়িত কণ্ঠে হেদায়েতুল্লাহ দাবি করেন, অসুস্থ অবস্থায় ছেলের কাছে আর্থিক সহায়তা চেয়েও পাননি তিনি। এমনকি ছেলে তাঁর খোঁজখবরও রাখেন না।

তিনি আরও অভিযোগ করেন, ছেলের পরামর্শে মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দিয়েছিলেন। বিনিময়ে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও পরে আর কোনো টাকা পাননি।

সাক্ষাৎকারে ছেলেকে পড়াশোনা করানো ও শৈশবে তাঁর চিকিৎসার জন্য আর্থিক কষ্টের কথাও তুলে ধরেন হেদায়েতুল্লাহ। তিনি বলেন, ছেলের প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থানের হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন। অনেক কষ্টের পর ছেলে সুস্থ হয়।

Nagad
Nagad

নিজের অসুস্থতার সময় ছেলের কাছে টাকা চেয়েও না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, ছেলে জমি কেনার কথা বলে তাঁকে টাকা দিতে পারেননি।

এদিকে, সম্প্রতি টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় ওই শিক্ষকের পক্ষে বক্তব্য দেওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন জুবায়ের আহমাদ তাশরীফ।

তবে তাঁর বাবার করা অভিযোগগুলোর বিষয়ে তাশরীফের বিস্তারিত বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।