Print

সারাদিন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে, মাঠে ৫৩০০ সদস্য

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্, অক্টোবর ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে বুধবার নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। আসনটির ১৮৫টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলামের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনি সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টিসহ মোট ১৮৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নিরাপত্তায় ৫ হাজার ৩০০ সদস্য
উপনির্বাচন ঘিরে জেলাজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের প্রায় ৫ হাজার ৩০০ সদস্য দায়িত্ব পালন করছেন।

এর মধ্যে রয়েছেন ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য, ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। এ ছাড়া দায়িত্বে রয়েছেন তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Nagad
Nagad

নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছে ৯০টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স। পাশাপাশি নির্বাচন কমিশনের ২৫ জন নিজস্ব পর্যবেক্ষক, চারজন বিদেশি পর্যবেক্ষক এবং ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, সাধারণ জাতীয় নির্বাচনের তুলনায় এ উপনির্বাচনে কয়েক গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ভোটার ৫ লাখ ১৬ হাজার, প্রার্থী পাঁচজন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মোট ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩ জন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ)। জামায়াতে ইসলামীর প্রার্থী ও ১১ দলীয় জোটের সমর্থিত মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা)। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী (বটগাছ)। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা)। বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।