Print

সারাদিন

জনগণের আস্থা অর্জন করে পুলিশকে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ২:৫৩ অপরাহন, অক্টোবর ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

নবীন পুলিশ কর্মকর্তাদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে অসহায় মানুষকে সেবা দিতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশকে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই-২০০৬) ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।

২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের শ্রেষ্ঠ সার্জেন্ট ওমর ফারুক, বেস্ট অ্যাকাডেমিক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস সাইফুল ইসলাম, বেস্ট শুটার মো. আসাদুজ্জামান, ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের শ্রেষ্ঠ ক্যাডেট: মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বেস্ট অ্যাকাডেমিক মো. বোরহানুল ইসলাম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস: দেওয়ান গোলাম রসুল, বেস্ট শুটার: মো. কামাল গনি।

উল্লেখ্য, ৬ মাসের দীর্ঘ মৌলিক প্রশিক্ষণ শেষে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্টগণ নিজ নিজ ইউনিটে যোগদান করবেন। অন্যদিকে, ৪৩তম ক্যাডেট এসআইরা ৬ মাসের প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে দেশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।

অনুষ্ঠানে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো. মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি।

Nagad
Nagad

এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন