প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্, অক্টোবর ৩১, ২০২৬
সারাদিন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জুলাই সনদের একটি দফাও বাস্তবায়ন করলে বিরোধী দল আপাতত আর আন্দোলন করবে না। বিএনপির জাতির সঙ্গে প্রতারণা করে গণরায়কে উপহাস করার বিষয়টি প্রতিহতে আরেকটি বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সাত দফা দাবিতে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের লংমার্চ পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর শীর্ষ নেতারা।
জামায়াতের আমির বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এখনও যদি তারা গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করে, দেশের মানুষ তা মেনে নেবে না।
শফিকুর রহমান বলেন, বিএনপি সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে, আশাহত করেছে। বিএনপি যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে তাহলে চড়া মূল্য দিতে হবে। বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি। বরং, তারা নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা আমাদের দাবি মেনে নিন। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো।
সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, সব ধরনের সরকারি অফিস বিএনপির দলীয় অফিসে পরিণত হয়েছে। দুর্নীতি ও লুটপাট প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশে বিভিন্ন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব সংবিধান সংস্কার না করার ফল। তাই জনগণ গণরায় বাস্তবায়ন করেই বিপ্লবের ফসল ঘরে তুলবে।