Print

সারাদিন

ব্যবসায়িক প্রবৃদ্ধিতে এআই ও ডেটানির্ভর সিদ্ধান্তের আহ্বানে শেষ হলো আইআইবিএ সামিট

প্রকাশিত: ১২:৩৪ অপরাহন, নভম্বর ১, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যনির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে আইআইবিএ সামিট। সম্মেলনে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ, পরিচালন ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে এআই ও ডেটার কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর গুলশান ক্লাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিসের (আইআইবিএ) বাংলাদেশ চ্যাপ্টার। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ফ্রম ইনসাইট টু ইমপ্যাক্ট: বিজনেস অ্যানালাইসিস ড্রাইভিং ইন্টেলিজেন্ট এন্টারপ্রাইজেস’। এতে ব্যবসায়ী, নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীরা অংশ নেন।

ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নিতে প্রযুক্তির কার্যকর ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস ও উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

এ ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, সরকার এ খাতে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান তৈরিতে কাজ করছে।

বিল্ডকন কনসালটেন্সি লিমিটেডের প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিন বলেন, প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করে, আর অন্তর্দৃষ্টি সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। সেই সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমেই ব্যবসায় ইতিবাচক প্রভাব তৈরি হয়।

সম্মেলনে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ব্যাংকটির ডিজিটাল রূপান্তরে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ব্যাংকটির বর্তমান অবস্থানে আসার পেছনে সঠিক নেতৃত্ব, সময়োপযোগী পদক্ষেপ এবং গ্রাহকের আস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব ক্ষেত্রে যথাযথ ব্যবসায়িক বিশ্লেষণ ও তথ্যনির্ভর সিদ্ধান্ত নিয়ামক হিসেবে কাজ করেছে।

Nagad
Nagad

দিনব্যাপী বিভিন্ন অধিবেশন ও প্যানেল আলোচনায় ব্যবসায়িক কৌশল নির্ধারণ, পণ্য উন্নয়ন, প্রতিষ্ঠানের রূপান্তর, তথ্য বিশ্লেষণ, বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল রূপান্তরের নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ব্যবসায়িক পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে ব্যবসায়িক বিশ্লেষণের ভূমিকা এবং এআই প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়টি গুরুত্ব পায়।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ব্যবসায়িক বিশ্লেষণের চর্চা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রতিষ্ঠানগুলো আরও দক্ষ, উদ্ভাবনী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। দেশের ব্যবসায়িক খাতে প্রযুক্তিনির্ভর রূপান্তর ত্বরান্বিত করতে পেশাজীবী, শিল্পপ্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রও তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।