Print

সারাদিন

গোলটেক ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

প্রকাশিত: ৫:৫০ অপরাহন, নভম্বর ১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১৭ আসনের অন্তর্গত ক্যান্টনমেন্ট এলাকার পল্লবী থানাধীন বালুঘাট উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত গোলটেক মহল্লা। প্রায় ৩৫ থেকে ৪০টি দৃষ্টিনন্দন আবাসিক ভবন নিয়ে গড়ে ওঠা এ এলাকায় প্রায় ৯০০ ফ্ল্যাট মালিক রয়েছেন। তাঁদের ঐক্যবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা থেকেই আত্মপ্রকাশ করেছে ‘গোলটেক ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি’।

সম্প্রতি সমিতির আত্মপ্রকাশ উপলক্ষে পল্লবীর গোলটেক এলাকার বারনটেক এক সাধারণ সভার আয়োজন করা হয়। ক্যান্টনমেন্টের কাছাকাছি হওয়ায় গোলটেক এলাকায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বসবাসও উল্লেখযোগ্য। সভায় ১০ জন উপদেষ্টাসহ ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

ব্যক্তিগতভাবে অনেক সমস্যার সমাধান করা সম্ভব না হলেও সবাই ঐক্যবদ্ধ হলে কঠিন সমস্যারও সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন সমিতির সভাপতি মো. আবুল মনসুর। তিনি বলেন, সংগঠনের মূল উদ্দেশ্য শুধু একটি কমিটি গঠন করা নয়; বরং এলাকার সব ফ্ল্যাট মালিকের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার শক্তিশালী বন্ধন তৈরি করা।

এলাকার সামগ্রিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আবুল মনসুর বলেন, এলাকার যেকোনো সমস্যায় সম্মিলিতভাবে উদ্যোগ নিতে চায় সমিতি। সংগঠনের পক্ষ থেকে কয়েকটি জরুরি কাজের কথা উল্লেখ করেন তিনি। এর মধ্যে রয়েছে এলাকার নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রাস্তাঘাট ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা।

গোলটেক ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল মনসুর।

পাশাপাশি যেকোনো বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো এবং সামাজিক বিরোধ, কলহ ও সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

সংগঠনকে গতিশীল করার বিষয়ে সাধারণ সম্পাদক মামুন আল রশিদ বলেন, ফ্ল্যাটের সংখ্যায় ভিন্নতা থাকলেও গোলটেক প্রাঙ্গণে সবার পরিচয় এক এবং সম্মিলিত লক্ষ্যও এক। তিনি বলেন, সংগঠন পরিচালনায় কোনো একক কর্তৃত্বে বিশ্বাসী নন তিনি। বরং সবার মতামতকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চান। একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন প্রতিটি সদস্য আন্তরিকভাবে ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গোলটেক ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতিকে সফল সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

Nagad
Nagad
গোলটেক ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মামুন আল রশিদ ।

 

সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম (টুটুল) বলেন, সবাই একতাবদ্ধ থাকলে কোনো বহিঃশত্রু, বাইরের শক্তি কিংবা নিজেদের কোনো নেতিবাচক শক্তি তাঁদের পরাজিত করতে পারবে না। তিনি সমিতির সব ফ্ল্যাট মালিককে সংগঠনের মূল ভাবনার সঙ্গে একমত হয়ে একসঙ্গে পথ চলার আহ্বান জানান।

সভা শেষে একটি র‍্যালির মাধ্যমে এলাকার সড়কগুলো পরিদর্শন করা হয়। পরে নৈশভোজের আয়োজন করা হয়। এতে এলাকার গণমাধ্যমকর্মীসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।