প্রকাশিত: ৭:৪৪ অপরাহন, নভম্বর ১, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীর লালবাগের শহিদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) দুপুরে শহিদনগরের ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধারের প্রক্রিয়াসহ আইনি কার্যক্রম চলমান রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
জানা গেছে, হামলাকারীদের হাত থেকে বাঁচতে বিপ্লব দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত বিপ্লবের বাবার নাম মো. দেলোয়ার। তাঁদের বাসা শহিদনগর এলাকায়। সূত্র: বাংলাট্রিবিউন।