প্রকাশিত: ১:৪৩ অপরাহন, নভম্বর ৪, ২০২৬
সারাদিন ডেস্ক
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন আগামী বছরের জানুয়ারি থেকে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান উভয় পক্ষের প্রতিনিধিরা।
সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার। তিনি বলেন, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকরা জানুয়ারি মাসে নতুন হারে বেতন পাবেন।
মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও একই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে এবং আগামী বছরের জানুয়ারিতে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন।
সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণের কার্যক্রম শেষ করার বিষয়ে তাঁরা একমত হয়েছেন, যাতে জানুয়ারিতে শ্রমিকরা ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে বাড়তি মজুরি পান।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।