প্রকাশিত: ২:২১ অপরাহন, নভম্বর ৪, ২০২৬
সারাদিন ডেস্ক
শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় মোতায়েন করা হয়েছে ১৩ প্লাটুন। এ ছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় দায়িত্ব পালন করছেন ৬ প্লাটুন বিজিবি সদস্য।
বিজিবি জানায়, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম চলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।