প্রকাশিত: ৬:০৪ অপরাহন, নভম্বর ৪, ২০২৬
সারাদিন ডেস্ক
হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন সাভার বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলার অন্য দুই আসামি হলেন পরী মণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করেন। সেখানে তারা নাসির উদ্দিনকে মারধর, হত্যার হুমকি এবং ক্লাবে ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই ঘটনা ধামাচাপা দিতে পরী মণি সাভার থানায় নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
এর আগে ২০২১ সালের ১৪ জুন পরী মণি সাভার থানায় মামলাটি করেন। এতে নাসির উদ্দিন মাহমুদ ও তাঁর বন্ধু অমির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করা হয়।
ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসির উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।