Print

সারাদিন

শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৬:৫৯ অপরাহন, নভম্বর ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ঢাকা সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

ডিসেম্বরে ফেরার ঘোষণা দেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পাসপোর্ট বা ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন কি না— এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এখানে কি শ্বশুরবাড়ি রংপুর বেড়াইতে আসবে যে—তারে পাসপোর্ট দেব, আর পাসপোর্ট দিয়ে আসবে? আমাদের অ্যাকটিভ এক্সট্রাডিশন ট্রিটি আছে টেররিস্টদেরকে ধরার, ক্রিমিনালকে ধরার।

তিনি বলেন, সন্ত্রাসী আর অপরাধীকে ধরতে পাসপোর্ট লাগে না, এটা হস্তান্তর হয়। তার প্রত্যর্পণের বিষয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর আইনি প্রক্রিয়াগুলো বিদ্যমান রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুতরাং এখানে পাসপোর্ট দেওয়ার বা হস্তান্তরের প্রয়োজন নাই। অপরাধী, স্বৈরাচার, একটা পালিয়ে যাওয়া টেররিস্ট; এখানে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাকে কি নরমাল কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখব যে, পাসপোর্ট দেব আসেন, আসিয়া আপনার শ্বশুরবাড়ি রংপুর বেড়াইয়া যান? তাকে তো এখন হ্যান্ডওভার চাই আমরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

Nagad
Nagad

এদিকে, বাংলাদেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে শেখ হাসিনার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান ঘিরে নানা আলোচনা চলছে। তাকে দেশে ফেরত পাঠাতে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানায়নি নয়াদিল্লি।