প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্, নভম্বর ৯, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশের জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার।
রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মুখ্য সচিব বলেন, দেশের জ্বালানি সংকট নিরসনে মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে।
তিনি বলেন, মাতারবাড়ীতে বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি তাদের মধ্যে উপযুক্ত ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
এ বি এম আব্দুস সাত্তার আরও বলেন, বর্তমান সরকারের সময়ে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।