Print

সারাদিন

জুলাই সনদ, গ্যাস-শ্রমিক আন্দোলনসহ নানা ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদ

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্, নভম্বর ৯, ২০২৬

সারাদিন ডেস্ক

জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার, গণভোটের ফল বাস্তবায়নসহ নানা ইস্যুতে সরকারি ও বিরোধী দলের টানাপোড়েনের মধ্যেই আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সাত কার্যদিবস চলবে এ অধিবেশন।

এবারের অধিবেশনে জুলাই সনদ, গ্যাসের দাম বৃদ্ধি, শ্রমিক আন্দোলন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন ইস্যুতে সরকারকে প্রশ্নের মুখে ফেলতে প্রস্তুতি নিয়েছে বিরোধীরা।

প্রধানমন্ত্রীর জাপান সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কী আলোচনা হয়েছে এবং বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি অপারেটরকে কী শর্তে দেওয়া হচ্ছে—এসব বিষয়ে সরকারের কাছে জবাব চাইবে বিরোধীরা। গঙ্গার পানি বণ্টন চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলার প্রস্তুতি রয়েছে।

গতকাল রোববার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ নেতা তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অংশ নেন। সিদ্ধান্ত অনুযায়ী শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের দুই অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না। তৃতীয় অধিবেশন গত ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতায় ৬০ দিনের সময়সীমার শেষ দিনে শুরু হচ্ছে চতুর্থ অধিবেশন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ রাতে তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন এবং ১৩ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

Nagad
Nagad

চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬ বিল পাওয়া গেছে। এ ছাড়া সম্প্রতি জারি করা সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে বলে সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, আরও দু-একটি বিল আসতে পারে। তবে সাইবার সুরক্ষা (সংশোধন) বিল অধিবেশনে উত্থাপন করা হবে কি না, তা স্পষ্ট করেননি তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিল উত্থাপন করা হলে তারা এর বিরোধিতা করবেন।

বিরোধীরা এবারও গণভোটের ফল অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবি তুলবেন। গণভোটে ৬৮ দশমিক ৫ শতাংশ ভোটে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুমোদিত হয়েছে।

তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের পদ্ধতি, উচ্চকক্ষ গঠনসহ কয়েকটি মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। দলটি জানিয়েছে, এসব বিষয়ে তাদের আপত্তি রয়েছে।

এদিকে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের পাঁচ সদস্য থাকার কথা থাকলেও বিরোধীরা কমিটি বর্জন করেছে। তাদের দাবি, গণভোটের মাধ্যমে অনুমোদিত জুলাই সনদ অনুযায়ী সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে।

জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান জানিয়েছেন, এবারের অধিবেশনে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন দেওয়ার সম্ভাবনা না থাকলেও বিরোধীরা সংস্কারের দাবি তুলবে।

বিপুলসংখ্যক প্রশ্ন ও নোটিশ

চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। ৭১ বিধিতে আলোচনার জন্য ৯২টি নোটিশ এবং ১৩১ বিধিতে ২৮১টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। উপস্থিত সবাই এতে সমর্থন জানান।

এ ছাড়া সংসদ চত্বরে সৌরবিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। অধিবেশন চলাকালে সংসদের বিদ্যুতের চাহিদা প্রায় ছয় মেগাওয়াট। ফলে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্টরা অংশ নেন।