Print

সারাদিন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

প্রকাশিত: ১:৩২ অপরাহন, নভম্বর ৯, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশে ফিরতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার আবেদনকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না। তিনি বলেন, ‘শেখ হাসিনা এখন যা করছেন, সব স্ট্যান্টবাজি। তিনি কখনোই ফিরবেন না। তাঁর দেওয়া সব বক্তব্যই ভিত্তিহীন। এগুলো সবই পলিটিক্যাল স্ট্যান্টবাজি।’

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে ফেরার জন্য শেখ হাসিনা যেসব আইনগত প্রক্রিয়া অনুসরণ করার কথা, সেভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। লন্ডনভিত্তিক তাঁর আইনজীবীদের মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ আবেদন করা হয়।

রয়টার্সের দেখা একটি চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে—এমন খবরের পরিপ্রেক্ষিতে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন আইনজীবীরা।

চিঠিতে বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতা অনুযায়ী আবেদনগুলো দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

Nagad
Nagad

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতের মুখোমুখি হতে চান। তাঁর সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেছেন, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন, তা রাজনৈতিক স্ট্যান্টবাজি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। ভারত থেকে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।