প্রকাশিত: ১০:০৫ অপরাহন, নভম্বর ৯, ২০২৬
সারাদিন ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির মালিক আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা এলাকার কাজলী সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
এ ঘটনায় বাসটির মালিক আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসে আগুন দেওয়ার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে সোমবার ভোরেও চন্দ্রা এলাকায় একই পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।