Print

সারাদিন

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১০:১০ অপরাহন, নভম্বর ৯, ২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক:

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (৯ নভেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এআইইউবি প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে।

এ সময় এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে এআইইউবির অবস্থান ও অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানানো হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

Nagad
Nagad

এ ছাড়া এআইইউবির ২৪তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।