Print

সারাদিন

‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্, নভম্বর ১০, ২০২৬

সারাদিন ডেস্ক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও মাছ, মাংসসহ অন্যান্য পণ্যের উচ্চমূল্যে চাপে পড়েছেন সাধারণ মানুষ। আয় না বাড়ায় বাড়তি জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ। অনেকেরই নিজের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে, পরিবারকে ঢাকায় রেখে চলার চিন্তাও করতে পারছেন না তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর মেরাদিয়া বাজারে বাজার করতে আসেন শফিকুল ইসলাম। একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহায়ক হিসেবে কাজ করেন তিনি। মেসে থাকেন। মেসের জন্যই বাজার করতে এসেছিলেন। রাশেদ বলেন, ‘আমি যে বেতন পাই, সেখানে পরিবার তো দূরের কথা, একজনের ভালোভাবে থাকাই কষ্টকর। বর্তমান বাজারমূল্য, বাড়িভাড়া ও নিজের খরচ মিলিয়ে ঢাকায় একজন মানুষের খুবই নিম্নমানের জীবনযাপন করলেও ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। আমাদের মতো কর্মচারীর যে বেতন, তাতে নিজে চলতেই কষ্ট হয়। পরিবার নিয়ে থাকার কথা তো চিন্তাই করতে পারি না।’

তিনি বলেন, ‘মানুষের জীবনধারণের ব্যয় আগের চেয়ে অনেক বেড়ে গেছে। গ্যাস, বিদ্যুৎ, বাড়িভাড়া, পরিবহন খরচ—সবই বাড়তির দিকে। আমাদের কিন্তু বেতন বাড়েনি। সামনে ডিসেম্বর বেতন বাড়বে কি না, তাও জানি না। আমাদের মতো যারা ছোট চাকরি করে ঢাকায় বাস করছে, তাদের এখন বুকচাপা কান্না ছাড়া আর কিছুই নেই।’

রাশেদ আরও বলেন, ‘আগে যেখানে মাস শেষে অন্তত ৫ থেকে ৭ হাজার টাকা পরিবারকে পাঠাতে পারতাম, এখন সেই টাকা পাঠাতে দুই মাস লাগে। পরিবারে ছেলে-মেয়ে আছে। তাদেরও তো খরচ আছে। এখন আমরা হিমশিমের মধ্যে আছি।’

মেসে থেকেও মাছ-মাংস নিয়মিত কিনতে পারছেন না জানিয়ে তিনি বলেন, ‘এই যে আমরা মেসে থাকি। কিন্তু মাছ-মাংস ঠিকমতো কিনতে পারি না। সবজি, ডিম আর আলু খেয়েই আমরা কোনোমতে বেঁচে আছি।’

শুধু রাশেদ নন, তাঁর মতো আরও অনেক সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। বাজারে গিয়ে কী কিনবেন আর কী কিনবেন না, তা নিয়ে বারবার হিসাব করতে হচ্ছে তাঁদের।

Nagad
Nagad

মেরাদিয়া বাজারে কথা হয় আহমেদ নামের এক ক্রেতার সঙ্গে। তিনি একটি কোম্পানির গাড়িচালক। আহমেদ বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষের ঢাকা শহরে বাস করা কঠিন হয়ে গেছে। একদিকে যেমন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তেমনি অন্যান্য দিকের খরচও বেড়ে গেছে। কিন্তু বেতন আগের মতোই। আয় না বাড়লে জীবন কীভাবে চলবে?’ তিনি আরও বলেন, ‘মানুষ কতটা কষ্টে আছে, বাজারে না আসলে বোঝা যাবে না। মাছ-মাংসের বাজারে কারা যাচ্ছে আর কারা যাচ্ছে না-একটু দাঁড়ালেই টের পাওয়া যায়।’

কিছু সবজির দাম স্থিতিশীল

বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম কিছুটা কমে গত কয়েকদিনের মতো স্থিতিশীল রয়েছে। মেরাদিয়া বাজারে আলু ৩০ টাকা, পটল ৫০, বেগুন ৬০ থেকে ১০০, সিম ৬০ থেকে ৭০, ঢেঁড়স ৫০, টমেটো ১৩০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০ ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রতি পিস ফুলকপি ৩০ ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, লাউ ৪০ থেকে ৫০, কাঁচা কলা ৪০ টাকা হালি, লালশাক ১৫, কলমিশাক ২০ ও পুইশাক ৩০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

ডিমের মধ্যে লাল ডিম ১৩৫ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই ৩৮০ থেকে ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি পর্যন্ত।

গরুর মাংস ৮২০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৯০, কক মুরগি ৩৩০ এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মেরাদিয়া বাজারের ক্রেতা তাইবুর রহমান বলেন, ‘সবজির বাজার কমে যাওয়ায় আমরা একটু কিনতে পারছি। কয়েকদিন তো সবজির বাজারেও যাওয়া যাচ্ছিল না। কিন্তু মাছ, মাংসসহ অন্যান্য পণ্যের দাম এখনও অনেক বেশি।’ তিনি বলেন, ‘মাছের বাজার কোনোভাবে স্থিতিশীল হচ্ছে না। বাড়তেই আছে। চিংড়িসহ সব মাছের দাম বাড়তি। ইলিশ মাছও ৮০০ টাকার নিচে নেই। যেটি ৮০০ টাকা কেজি, সেটি জাটকার চেয়ে একটু বড়।’

রফিকুল ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, ‘বর্তমানে আমরা সবজির ওপরই নির্ভরশীল। সবসময় তো আমরা মাছ-মাংস কিনতে পারি না। সেই সামর্থ্যও নেই।’

বিক্রেতারা বলছেন, পণ্যের দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে তাঁদের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। পাইকারি বাজারে দাম কমলে তাঁরা কম দামে বিক্রি করেন। আর পাইকারি বাজারে দাম বাড়লে তাঁদেরও বেশি দামে বিক্রি করতে হয়।