Print

সারাদিন

২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৫ অপরাহন, নভম্বর ১০, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

আইনমন্ত্রী বলেন, জেলা পর্যায়ের এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং সরকারি কৌঁসুলির মতামত পর্যালোচনা করে। মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে মামলাটি পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনা করে কমিটি মামলা প্রত্যাহারের সুপারিশ করে।

সংসদ সদস্য কেরামত আলী তাঁর প্রশ্নে জানতে চান, বিগত সরকারের আমলে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তি না হওয়ার কারণ এবং কবে নাগাদ নিষ্পত্তি হবে, সে বিষয়ে সরকারের কোনো রোডম্যাপ রয়েছে কি না।

Nagad
Nagad

জবাবে আইনমন্ত্রী আরও জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য ২০২৬ সালের ৮ মার্চ তাঁকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রমাণিত হলে তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলেও জানান আইনমন্ত্রী।