Print

সারাদিন

দশম শ্রেণির ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১০ অপরাহন, নভম্বর ১০, ২০২৬

সারাদিন ডেস্ক

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা (১৬)কে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর মাকে নিয়ে বাসা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ইমনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ জানায়, জাকিয়াকে ছুরিকাঘাতের পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা ‘লিলি গার্ডেন’ ভবনের বাসা ছেড়ে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইমন পাটিকাবাড়ি এলাকায় তার নানার বাড়িতে অবস্থান করছেন।

ওসি জাকির হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথম দফায় পালিয়ে যান ইমন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুনরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সোমবার জাকিয়ার বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর ১৭/৪৩৯।

এর আগে সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হন জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় কালো শার্ট পরা ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করেন।

Nagad
Nagad

জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যান ইমন। পরে স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন ইমন। একই কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই তিনি জাকিয়াকে বিরক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এসবের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ইমন তার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।