প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্, নভম্বর ১১, ২০২৬
সারাদিন ডেস্ক
রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে কোনো ধরনের উপহার, উপঢৌকন, অর্থ বা বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব না দিতে সেবাগ্রহীতাদের প্রতি অনুরোধ জানিয়েছে দূতাবাস।
বুধবার (১১ নভেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
এতে আরও বলা হয়, বাংলাদেশের ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ৫ অনুযায়ী সরকারি কর্মচারীদের উপহার গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট আইনি বিধিনিষেধ রয়েছে। এ ধরনের উপহার দেওয়া বা দেওয়ার প্রস্তাব কর্মকর্তা-কর্মচারীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। একই সঙ্গে তাঁদের পেশাগত নিরপেক্ষতা নিয়েও অনাকাঙ্ক্ষিত প্রশ্ন উঠতে পারে।
দূতাবাস জানিয়েছে, উপহার দেওয়ার পরিবর্তে কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রতি সম্মান প্রদর্শনই প্রকৃত সৌজন্য।
বিজ্ঞপ্তিতে সেবাগ্রহীতাদের আশ্বস্ত করে বলা হয়, দূতাবাসের সব সেবার জন্য আইন অনুযায়ী নির্ধারিত ফি নেওয়া হয় এবং তা সরাসরি সরকারি কোষাগারে জমা হয়। কোনো উপহার বা ব্যক্তিগত সৌজন্য দূতাবাসের সিদ্ধান্ত, সেবার মান কিংবা সেবা প্রদানের অগ্রাধিকারকে সামান্যতম প্রভাবিত করতে পারে না।