Print

সারাদিন

এআই উদ্ভাবনে গ্রামীণফোন ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে, সেরা লাবডাব

প্রকাশিত: ১:৫০ অপরাহন, নভম্বর ১১, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হলো গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণের গ্র্যান্ড ফিনালে। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘এআই ফর সোশ্যাল গুড’।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৭ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। তাঁরা ১ হাজার ১০৩টি ধারণা জমা দেন। ২০২৫ সালের প্রথম সংস্করণের তুলনায় এবার শিক্ষার্থীদের অংশগ্রহণ ৪০ শতাংশ বেশি ছিল বলে জানিয়েছে গ্রামীণফোন।

ফিউচারমেকার্সের দ্বিতীয় সংস্করণে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত এবং অন্যান্য বিষয়ে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এআইভিত্তিক ধারণা তৈরির আহ্বান জানানো হয়। ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি, পরিবেশ ও জলবায়ু, নিরাপত্তা-সুরক্ষা ও তথ্যের গোপনীয়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সমাধান খুঁজতে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অব.)। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ গ্রামীণফোনের জ্যেষ্ঠ কর্মকর্তা, শিল্প খাতের বিশেষজ্ঞ, প্রযুক্তি পেশাজীবী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফাইনালিস্টরা বিচারক প্যানেলের সামনে তাঁদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। প্যানেলে ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকৌশল ও পরিচালন বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.), গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন, প্রধান কৌশল ও রূপান্তর কর্মকর্তা আন্দ্রেয়াস হগবার্গ, প্রধান পণ্য কর্মকর্তা সোলায়মান আলম, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ড. আসিফ নাইমুর রশীদ এবং প্রধান তথ্য কর্মকর্তা ড. নিরঞ্জন শ্রীনিবাসন।

উদ্ভাবনের নতুনত্ব, বাস্তবায়নযোগ্যতা, সামাজিক প্রভাব এবং এআইয়ের বাস্তবভিত্তিক প্রয়োগের বিষয় বিবেচনা করে ধারণাগুলো মূল্যায়ন করা হয়।

Nagad
Nagad

প্রথম টিম লাবডাব, দ্বিতীয় রিভার সেন্টিনেল

‘ইকোক্লিপ’ প্রকল্পের জন্য প্রথম স্থান অর্জন করেছে টিম লাবডাব। তাদের উদ্ভাবনটি একটি এআইচালিত ক্লিপ-অন যন্ত্র, যা সাধারণ স্টেথোস্কোপকে হৃদ্‌রোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্ত করার যন্ত্রে রূপান্তর করতে পারে।

নদীভাঙনের পূর্বাভাস দিতে এআইভিত্তিক ব্যবস্থা তৈরি করে দ্বিতীয় স্থান অর্জন করেছে টিম রিভার সেন্টিনেল। তাদের তৈরি ব্যবস্থা ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করার পাশাপাশি ঝুঁকিতে থাকা মানুষকে আগাম সতর্ক করতে সক্ষম।

‘স্পষ্ট এআই’ প্রকল্পের জন্য তৃতীয় হয়েছে টিম জিনক্সড। তাদের উদ্ভাবন এআই-সহায়তায় পরিচালিত একটি বাক্‌চিকিৎসা অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে নির্দেশনা অনুযায়ী বাড়িতে অনুশীলন এবং অগ্রগতি পরিমাপ করা যায়, যাতে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি বিজয়ী দলগুলো গ্রামীণফোনের ‘নেক্সট বিজনেস লিডার’ ও ‘নেক্সটার্ন ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এ সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবে।

তরুণদের এআই দক্ষতা বাড়ানোর আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ বলেন, বিশ্বজুড়ে শিল্প ও অর্থনীতিকে নতুনভাবে রূপ দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। বাংলাদেশের তরুণদের এ পরিবর্তনে অংশ নিতে প্রয়োজনীয় সরঞ্জাম, দক্ষতা ও সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, তরুণদের শুধু নতুন প্রযুক্তি শেখানো নয়, বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় এসব প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে উৎসাহিত করতে হবে। ফিউচারমেকার্সের মতো উদ্যোগ শিক্ষার্থীদের এআই নিয়ে কাজ করা, দক্ষতা বাড়ানো এবং উদ্ভাবনী ধারণাকে কার্যকর সমাধানে রূপ দেওয়ার সুযোগ তৈরি করছে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন, তরুণ উদ্ভাবকেরা এআই ব্যবহার করে সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আরও বেশি মানুষের কাছে ডিজিটাল সুবিধা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন, তা উৎসাহব্যঞ্জক। দায়িত্বশীল উদ্ভাবন ও ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকার নিয়ে তরুণদের তাঁদের ধারণা বাস্তবায়নে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের মধ্যে যে সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তা দেখা গেছে, তা আশাব্যঞ্জক। ফিউচারমেকার্সের এবারের আয়োজনে শুধু বড় শহর বা নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ ছিল না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এআইভিত্তিক ধারণা নিয়ে অংশ নিয়েছেন।

তিনি বলেন, গ্রামীণফোন তরুণ উদ্ভাবকদের দক্ষতা বাড়ানো, নিজেদের সম্ভাবনা সম্পর্কে ধারণা নেওয়া এবং তাঁদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করতে চায়।

গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন বলেন, শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে তরুণদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জন এবং সেই জ্ঞান প্রয়োগের সুযোগ দেওয়া জরুরি। ফিউচারমেকার্সের দ্বিতীয় সংস্করণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও একাডেমিক পটভূমির শিক্ষার্থীদের একত্রিত করেছে এবং সামাজিক কল্যাণে এআইয়ের সম্ভাবনা খুঁজে দেখতে উৎসাহিত করেছে।

তিনি বলেন, এ অভিজ্ঞতা শিক্ষার্থীদের শেখা, পরীক্ষা-নিরীক্ষা এবং তাঁদের ধারণাকে এমন সমাধানে রূপান্তর করতে উৎসাহিত করবে, যা দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখতে পারে।