প্রকাশিত: ৯:১১ অপরাহন, নভম্বর ১১, ২০২৬
সারাদিন ডেস্ক
উপহারের মোড়কে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে বক্তব্য প্রত্যাহার, সরকারের অবস্থান স্পষ্ট করা এবং প্রতিমন্ত্রীর জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে টিআইবি।
বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানায়, গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেছেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়, তা গ্রহণ করা যায়।
টিআইবির প্রশ্ন, সরকারি দায়িত্ব পালনের জন্য উপহারের নামে ঘুষ গ্রহণের মতো ব্যক্তিগত সুবিধা নিতে বলে কি প্রতিমন্ত্রী কার্যত ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন? সংস্থাটি অবিলম্বে প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার এবং প্রতিমন্ত্রী ও বক্তব্যের পেছনে সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করার বিষয়ে জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্যই তারা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ‘উপহারের’ নামে অবৈধ অর্থ নেবেন কেন?
তিনি বলেন, ‘এই কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন? যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন।’
টিআইবি আশঙ্কা করছে, সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাবে। ‘নতুন করে চিন্তা’ করার নামে প্রতিমন্ত্রী সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশের বিকাশ ও সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করছেন কি না, সেই প্রশ্নও তুলেছে সংস্থাটি। এ বক্তব্য সরকারের অবস্থান কি না, তা স্পষ্ট করার দাবি জানিয়েছে টিআইবি।
ইফতেখারুজ্জামান আরও বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে জানাতে হবে।
তিনি বলেন, দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী, সরকারি কাজ করার প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য। দাফতরিক কাজে সংশ্লিষ্ট বলে জানা কোনও ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা প্রতিদান অপর্যাপ্ত জেনেও মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে দণ্ডবিধির ১৬৫ ধারায় শাস্তির বিধান রয়েছে।
অন্যদিকে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, বিধিতে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাতার প্রতি দাফতরিক বাধ্যবাধকতা তৈরি করে এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। একই বিধিমালার ৫(৪) অনুযায়ী, সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উৎস থেকে পাওয়া প্রতিটি উপহারের মূল্যসীমা ৫০০ টাকা।
এ ছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারিত রয়েছে। টিআইবির মতে, এই দুই সীমিত বিধানের কোনোটিই দাফতরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ দেয় না।
প্রতিমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বার্থের সংঘাতের ঝুঁকিও তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী তদারক করেন, সেই ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে প্রকৌশলীর নিরপেক্ষতা বজায় থাকবে কীভাবে? এমন লেনদেন কাজ তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এতে ঠিকাদারদের সমান সুযোগও ক্ষুণ্ন হতে পারে।
তিনি আরও বলেন, ঠিকাদারের সঙ্গে প্রকৌশলীর যোগসাজশের মাধ্যমে দুর্নীতি বাড়বে এবং একই চর্চা অন্য সরকারি দফতরেও ছড়িয়ে পড়বে। সেবা দেওয়ার পূর্বশর্ত হিসেবে উপহারের নামে অবৈধ অর্থ আদায় করাও স্বাভাবিকতায় পরিণত হতে পারে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে সমঝোতার লেনদেন হিসেবে উল্লেখ করার বক্তব্যের কথা সরকারকে স্মরণ করিয়ে দেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের এমন লাগামহীন দুর্নীতিসহায়ক অবস্থান যে নিজেদের জন্য অশনিসংকেত, তা সরকারকে বুঝতে হবে।
ঠিকাদারের ‘উপহার’ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে জবাবদিহি নিশ্চিত করা এবং তার বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।