Print

সারাদিন

গাজার হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৬

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্, নভম্বর ১২, ২০২৬

সারাদিন ডেস্ক

দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় চিকিৎসাকর্মী ও রোগীসহ ২০ জনের বেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা দল জানিয়েছে, নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর তল্লাশি ও পরিদর্শন কার্যক্রম শেষ করা হয়েছে। হামলায় হাসপাতালের ভেতরে ছয় ফিলিস্তিনি নিহত হন। আহত হয়েছেন চিকিৎসাকর্মী ও রোগীসহ ২০ জনের বেশি।

হামলায় খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সের দ্বিতীয় তলা লক্ষ্যবস্তু করা হয়। হাসপাতালটি গাজা উপত্যকার অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র। খান ইউনিসে এখনও চালু থাকা এটিই একমাত্র হাসপাতাল, যা দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছে।

হামলায় নিহত ও আহতদের বেশির ভাগই রোগী। তাদের মধ্যে এমন রোগীরাও ছিলেন, যাদের পরদিন অস্ত্রোপচারের কথা ছিল। কয়েক দিন ধরে চিকিৎসার অপেক্ষায় থাকা এসব রোগী হাসপাতালের ভেতরেই ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণটি ছিল আকস্মিক। হামলার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনও সতর্কবার্তা বা হাসপাতাল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

Nagad
Nagad

গত কয়েক বছরে নাসের মেডিকেল কমপ্লেক্সটি সপ্তমবারের মতো হামলার লক্ষ্যবস্তু হলো। এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট হাসপাতালটিতে দুটি পৃথক বোমা হামলা চালানো হয়। ওই হামলায় পাঁচ সাংবাদিকসহ অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কোনও পূর্বসতর্কতা ছাড়াই হাসপাতালটি বারবার হামলার শিকার হচ্ছে।