প্রকাশিত: ২:৪২ অপরাহন, নভম্বর ১২, ২০২৬
সারাদিন ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যাদের আন্দোলনের কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন, তাঁদের বাড়িঘরে আগুন দিয়ে এবং হত্যা করে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন। তবে এভাবে কোনোদিন ক্ষমতায় ফেরা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে এনসিপির মিডিয়া সেলের প্রধান ইয়াসির আরাফাতসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে দৌলতপুর থানায় গিয়ে এ ঘটনায় মামলা করবেন বলেও জানান নুসরাত তাবাসসুম।
এর আগে বুধবার দিনগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। আগুনে দুটি ছাগলও মারা যায়।