প্রকাশিত: ৬:৩০ অপরাহন, নভম্বর ১২, ২০২৬
সারাদিন ডেস্ক
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দাখিল করা দর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মহেশখালীতে বর্তমানে দুটি ভাসমান টার্মিনাল আছে, এক্সিলারেট এনার্জির (দৈনিক সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট) ও সামিটের (৫০০ মিলিয়ন ঘনফুট)।
প্রস্তাব অনুযায়ী, তৃতীয় এলএনজি টার্মিনালে ১৫ বছর মেয়াদে প্রকল্পটির আনুমানিক ব্যয় হবে ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় সিএনইইর দাখিল করা দর প্রস্তাব অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করে।
মহেশখালীর কুতুবজোমে প্রস্তাবিত এ স্থাপনা চালু হলে ভাসমান ইউনিটের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও তা পুনঃগ্যাসীকরণের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।