Print

সারাদিন

দেশে মোবাইল গ্রাহক ১৯ কোটি ছাড়াল, ৯ মাসে বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্, নভম্বর ১৩, ২০২৬

সারাদিন ডেস্ক

২০২৬ সালের প্রথম নয় মাসে দেশে মোবাইল ও ইন্টারনেট গ্রাহকসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের চার মোবাইল অপারেটরের মোট গ্রাহক ৫৫ লাখ ৯০ হাজার বেড়ে ১৮ কোটি ৫৮ লাখ থেকে ১৯ কোটি ১৩ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, এ সময়ে মোবাইল গ্রাহক বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছে গ্রামীণফোন ও রবি আজিয়াটা। গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা জানুয়ারির ৮ কোটি ৪৩ লাখ ৩০ হাজার থেকে ২৮ লাখ ৩০ হাজার বেড়ে সেপ্টেম্বরে ৮ কোটি ৭১ লাখ ৬০ হাজারে পৌঁছেছে।

একই সময়ে রবি আজিয়াটার গ্রাহকসংখ্যা ১৯ লাখ ৯০ হাজার বেড়ে ৫ কোটি ৭২ লাখ ৪০ হাজার থেকে ৫ কোটি ৯২ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের মে মাসে ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার গ্রাহক নিয়ে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো বাংলালিংকের গ্রাহকসংখ্যা ২০২৫ সালের অক্টোবরে কমে ৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে নেমে যায়। তবে চলতি বছরে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে।

জানুয়ারিতে বাংলালিংকের গ্রাহক ছিল ৩ কোটি ৭৪ লাখ। ফেব্রুয়ারিতে সামান্য কমে ৩ কোটি ৭৩ লাখ ৫০ হাজার হলেও পরবর্তী মাসগুলোতে তা বাড়তে থাকে। মে মাসে গ্রাহকসংখ্যা দাঁড়ায় ৩ কোটি ৭৭ লাখ ১০ হাজার, জুনে ৩ কোটি ৭৮ লাখ ৬০ হাজার, আগস্টে ৩ কোটি ৭৯ লাখ ৫০ হাজার এবং সেপ্টেম্বরে ৩ কোটি ৮০ লাখ ৭০ হাজারে পৌঁছে।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহকসংখ্যা জানুয়ারির ৬৮ লাখ ৩০ হাজার থেকে বেড়ে সেপ্টেম্বরে ৬৯ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। খবর বাসসের।

Nagad
Nagad

বেড়েছে ইন্টারনেট গ্রাহকও

মোবাইলের পাশাপাশি দেশে ইন্টারনেট গ্রাহকসংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। বিটিআরসির তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। এ সংখ্যা এপ্রিলে ১৩ কোটি ১৪ লাখ ২০ হাজার, জুনে ১৩ কোটি ৫৯ লাখ ৪০ হাজার এবং আগস্টে ১৩ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ছাড়িয়ে সেপ্টেম্বরে ১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে পৌঁছেছে।

এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা জানুয়ারির ১১ কোটি ৪২ লাখ ২০ হাজার থেকে বেড়ে আগস্ট ও সেপ্টেম্বর-দুই মাসেই ১২ কোটি ২২ লাখ ৬০ হাজারে স্থির ছিল।

পাশাপাশি আইএসপি ও পিএসটিএন-এর মাধ্যমে ফিক্সড ইন্টারনেট গ্রাহকসংখ্যাও পুরো নয় মাসে ধারাবাহিকভাবে বেড়েছে। জানুয়ারিতে ১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার থাকা এই গ্রাহকসংখ্যা সেপ্টেম্বরে বেড়ে সর্বোচ্চ ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজারে পৌঁছেছে।

ফলে বছরের প্রথম নয় মাসে দেশে মোবাইলের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের পরিধিও ধারাবাহিকভাবে বাড়ার চিত্র উঠে এসেছে।